যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মাসের মধ্যেই গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মধ্য গাজার তিনটি এলাকায় অভিযান শুরুর পাশাপাশি গুরুত্বপূর্ণ সালাহ আল-দিন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে নতুন করে নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়তে থাকায় গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে, তারা মধ্য গাজা উপত্যকার তিনটি ব্লকে সামরিক অভিযান শুরু করেছে এবং সালাহ আল-দিন সড়কের কিছু অংশ বন্ধ করে দিয়েছে। অথচ, সেখানে ২০২৫ সালের অক্টোবর মাস থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডে ১,৬৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫,৯৭৫ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর ‘কোঅর্ডিনেটর অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজ’ (COGAT) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, “সেনাবাহিনী মধ্য গাজা উপত্যকায়, ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি—বিশেষ করে ৬৬০, ৬৬১ ও ৬৬৬ নম্বর এলাকায়—একটি সামরিক অভিযান শুরু করেছে।”
তাদের দাবি, এই অভিযানের লক্ষ্য হলো তথাকথিত “সন্ত্রাসী অবকাঠামো”।
ইসরায়েলি সামরিক বাহিনীর ‘কোঅর্ডিনেটর অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজ’ আরও জানিয়েছে, “অভিযান চলাকালীন উল্লিখিত ব্লকগুলোতে সালাহ আল-দিন সড়ক বন্ধ থাকবে।”
তারা ফিলিস্তিনিদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, “ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্তির ঘোষণা না দেওয়া পর্যন্ত” সেখানে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
তবে অভিযানের ধরন বা এটি কতদিন চলতে পারে, সে বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
গাজায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে, যার উদ্দেশ্য ছিল অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি গণহত্যা বন্ধ করা।
এই প্রথম ধাপের অংশ হিসেবে, ইসরায়েলি সেনাবাহিনী গাজার ভেতরে ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত রেখা পর্যন্ত পিছু হটেছিল।
বর্তমানে ইসরায়েল গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা দখল করে রেখেছে, আর অধিকাংশ ফিলিস্তিনি ইসরায়েলি নিয়ন্ত্রণের বাইরের এলাকাগুলোতে আশ্রয় নিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন; যাদের অধিকাংশই নারী ও শিশু।
এই যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, এসব অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ৭১.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।























