বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে জনসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, “১৫শ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া বাদ দিন। মানুষকে সঙ্গে নিয়ে এলাকার ময়লা-আবর্জনা ও ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, তা সরকারি-বিরোধী দল মিলে পরিষ্কার করুন।”
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসার জন্য ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এম এ মুহিত আরও বলেন, “শুধু দু-একদিন ভোরবেলা ঝাড়ু হাতে ফটোসেশনের রাজনীতি করলে চলবে না। আসুন, দল-মত নির্বিশেষে দেশের এবং ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জালগুলো চিরতরে দূর করি।”
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “একটি বিরোধী দল এখনো জনসভার পুরনো রাজনীতি আঁকড়ে ধরে আছে। জনগণ এখন আর দীর্ঘ বক্তৃতা শুনতে চায় না। বর্তমান সরকার জনসেবার নতুন রাজনীতি চালু করেছে, যেখানে কথার চেয়ে কাজের গুরুত্ব বেশি।”
তিনি আরও জানান, মিরপুরের এই ‘মোবাইল ফিভার ক্লিনিক’কে কেবল জ্বর পরীক্ষার কেন্দ্র হিসেবে না রেখে পূর্ণাঙ্গ প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হয়েছে। এখান থেকে সাধারণ মানুষ ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করাতে পারবেন।
























