গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার শোভাগঞ্জ ও ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ‘ইসলামপুর সততা যুব সংঘ’-এর নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, ইসলামপুর সততা যুব সংঘের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী মিয়াসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, মাদক কেবল ব্যক্তি নয়, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তরুণ প্রজন্মকে এই মরণনেশা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা অপরিহার্য।
তারা আরও বলেন, মাদকের আগ্রাসন রুখতে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকায় মাদক কেনাবেচা বা সেবনের কোনো তথ্য পাওয়া মাত্রই সম্মিলিতভাবে তা প্রতিহত করার আহ্বান জানান তারা। একইসঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।


























