বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন নিজের গানে ও পরিবেশনায়। এই নন্দিত তারকার গানগুলো নিয়ে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে তার গান ও সংগীতের নানা তথ্য সংরক্ষণ করা হবে।
‘জেমস ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে চলছে নানা প্রস্তুতি। জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
দিন দুয়েক ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর তাতে সিলমোহর দেন রবিন। তিনি জানান, অনেক দিন ধরেই এই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা চলছিল। ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে রবিন ঠাকুর বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে এই ফাউন্ডেশন। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে।’
গত শতকের আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ব্যান্ড সংগীতে আত্মপ্রকাশ করেন জেমস। পরবর্তীতে ‘নগরবাউল জেমস’ নামে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। চার দশক পেরিয়ে এখনো তিনি নিয়মিত কনসার্ট করে যাচ্ছেন এবং দেশ-বিদেশের বাঙালি শ্রোতাদের মাতিয়ে রাখছেন তার জাদুকরী পরিবেশনায়।

























