বিরোধী ১১ দলীয় জোটের চলমান কর্মসূচিকে লংমার্চ নয়, বরং ‘গাড়িমার্চ’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, লংমার্চের প্রকৃত তাৎপর্য ও ইতিহাস হলো পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেওয়া, কিন্তু বিরোধীরা গাড়িবহর নিয়ে রাজপথে নেমেছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও যোগ করেন, গণতান্ত্রিক দেশে যে কারও স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে এবং তারা তাদের বক্তব্য তুলে ধরতেই পারেন।
চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মাদক, অনলাইন জুয়া, চোরাচালান ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায় থেকে সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণে নজরুলচর্চাকে কেন্দ্র করে বিভিন্ন জাতীয় উদ্যোগ বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।
























