বলিউডের ইতিহাসের অন্যতম জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে বড় পর্দায় এক বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালে অনুষ্ঠিতব্য এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরে প্রদর্শিত হবে শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত কালজয়ী এই ছবিটি। চলচ্চিত্র উৎসবটির আয়োজক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন করণ জোহর। রাহুল, অঞ্জলি ও টিনার ত্রিমুখী প্রেম ও বন্ধুত্বের আবেগঘন আখ্যান সে সময় বক্স অফিসে বিপুল আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে ছবির গান, শাহরুখ-কাজল রসায়ন এবং স্কটল্যান্ডের মনোরম প্রাকৃতিক দৃশ্য সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
উল্লেখ্য, আইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেনকো এবং ট্যানটালন ক্যাসলের মতো ঐতিহাসিক স্থানে ধারণ করা হয়েছিল ছবির দৃশ্যগুলো। সম্প্রতি মুম্বাইয়ে ধর্মা প্রোডাকশনসের কার্যালয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গে বৈঠক করেন করণ জোহর। সেখানে দুই অঞ্চলের চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ বছর পূর্তির এই আয়োজনে করণ জোহরসহ সিনেমার কলাকুশলীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
























