দীর্ঘ দেড় দশকের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো বা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না ভারতীয় টেলিভিশন তারকা হিনা খান ও তার প্রেমিক রকি জয়সওয়ালের। তবে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ার পর জীবনের গভীর অনিশ্চয়তা থেকেই দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হন অভিনেত্রী। দীর্ঘদিনের সঙ্গী রকির তাৎক্ষণিক সম্মতিতে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের চার হাত এক হওয়ার পর্ব।
২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাসভবনের ছাদে ঘরোয়া পরিবেশে রকি জয়সওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হিনা। সে সময় তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ের কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার একটি টকশোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজেদের এই আকস্মিক বিয়ের স্মৃতিচারণ করেন হিনা খান।
অনুষ্ঠানে বিয়ের ছবি প্রদর্শিত হলে আবেগাপ্লুত হয়ে হিনা জানান, তাদের বিয়ের সিদ্ধান্তটি ছিল একেবারেই তাৎক্ষণিক। প্রায় ১৩-১৪ বছর একসঙ্গে পথচলার কারণে সম্পর্কের গভীরতা স্পষ্ট থাকলেও আনুষ্ঠানিকভাবে বিয়ের জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না।
আকস্মিক সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে হিনা বলেন, রোগ ধরা পড়ার পর জীবনের তীব্র অনিশ্চয়তা দেখে তিনি রকিকে দুটি বিকল্প দিয়েছিলেন। রকি চাইলে তাকে বিয়ে করতে পারেন অথবা নিজের ভবিষ্যৎ গড়ে নিতে অন্য কাউকে বেছে নিতে পারেন। তবে রকি কোনো কালক্ষেপণ না করে হিনাকেই আজীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। সানিয়া মির্জা বিয়ের সময় নিয়ে জানতে চাইলে হিনা নিশ্চিত করেন, আনুষ্ঠানিকতা সারতে তাদের ১৫ মিনিটেরও কম সময় লেগেছিল।
জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর শুটিং সেটে প্রথম দেখা হয়েছিল হিনা ও রকির। এরপর বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০১৭ সালে জনসমক্ষে সম্পর্কের ঘোষণা। হিনার কঠিন রোগযন্ত্রণা ও ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে সার্বক্ষণিক ছায়ার মতো পাশে থেকে ভালোবাসা ও সমর্থনের অনন্য নজির গড়েছেন রকি জয়সওয়াল।
























