ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে ঘোষিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাছাইয়ে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় রবিবার (১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১২(১) অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়ায়। বিষয়টি নজরে আসার পর বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল।


























