চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুর ও ক্যাম্পের পানিতে বিষ প্রয়োগের মতো গুরুতর অভিযোগ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, এই চক্রটি ফেসবুক ও ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র্যাবসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আসছিল। পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যাতে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে।
পুলিশের দাবি, আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। এছাড়া ইয়াসিনের আত্মীয় মেহেদী, সাকিবুল ও আনোয়ার ফেসবুক পেজ ও ভুয়া আইডি পরিচালনার মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালাতেন। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এসব ডিজিটাল আলামত বিশ্লেষণ করে চক্রের নেপথ্যে থাকা অন্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।


























