মদিনায় অবস্থিত প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্লোবাল সেন্টার ফর আরবি ক্যালিগ্রাফি বা ‘দারুল কলম’ জাদুঘরে সংরক্ষিত রয়েছে প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি, ঐতিহাসিক দলিল, ইসলামি মুদ্রা এবং প্রত্নতাত্ত্বিক শিলালিপির এক বিশাল সমাহার। আরবি ক্যালিগ্রাফির ইতিহাস ও বিবর্তন তুলে ধরতে এখানে বিভিন্ন দেশ ও সংস্কৃতির দর্শনার্থীদের জন্য নানা নিদর্শন প্রদর্শন করা হচ্ছে। বহুমুখী ভাষার ব্যাখ্যামূলক তথ্যের মাধ্যমে ইসলামি সভ্যতায় আরবি লিপির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে ধারণা পাচ্ছেন দর্শনার্থীরা।
জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হলো মাদানি ও মক্কি লিপিতে লেখা প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি এবং উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে ৭০০ খ্রিস্টাব্দে তৈরি ইসলামি দিনারের একটি দুর্লভ নমুনা। এ ছাড়া মসজিদে নববীর বিভিন্ন দেয়ালচিত্রের নমুনা এবং রওজা শরিফের রুপার তালার নিদর্শনও এখানে প্রদর্শিত হচ্ছে, যেগুলোতে পবিত্র কোরআনের আয়াত অত্যন্ত সুনিপুণভাবে খোদাই করা রয়েছে।
আরবি ক্যালিগ্রাফি ও সংশ্লিষ্ট শিল্পকলার ওপর গবেষণা পরিচালনার জন্য এই জাদুঘরে একটি বিশেষায়িত গ্রন্থাগারও রয়েছে। যেখানে ১১টি ভাষায় প্রায় দুই হাজার দুর্লভ বই ও প্রকাশনা সংরক্ষিত আছে। প্রাচীন পাণ্ডুলিপি ও প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শনের মাধ্যমে মদিনার এই জাদুঘরটি গবেষক ও শিল্পানুরাগীদের জন্য আরবি ক্যালিগ্রাফি চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।


























