বিদেশি নাগরিকদের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে ভিসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন কাঠামোয় ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। পাশাপাশি উপশ্রেণির সংখ্যা ৪৯ থেকে নামিয়ে আনা হয়েছে ২৩টিতে। এছাড়া ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশি নাগরিকদের যাতায়াত নির্বিঘ্ন করতেই এ উদ্যোগ। নতুন কাঠামো চূড়ান্ত করার আগে বিভিন্ন উন্নত দেশের ভিসাব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হয়েছে।
নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে। সংস্কার করা ব্যবস্থায় ভিসার প্রধান ৯টি শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এটি ভি-১ ও ভি-২—এই দুই উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং ভি-২ ভিসার মেয়াদ যোগ্যতা অনুযায়ী এক, পাঁচ অথবা ১০ বছর হতে পারে। এছাড়া চিকিৎসা ভিসার কাঠামোও নতুন করে সাজানো হয়েছে।
























