পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে ৭৪ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মীর আলী ও ওরাকজাই জেলায় পরিচালিত অভিযানে ৪৩ জন নিহত হয়েছে। ওই এলাকায় সন্ত্রাসীদের নেটওয়ার্ক ভেঙে দিতে নিরাপত্তা বাহিনী ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় গত ৩ নভেম্বর থেকে পরিচালিত স্যানিটাইজেশন অভিযানে আরও ৩১ জন নিহত হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব অভিযানে ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ও ফিতনা আল-খাওয়ারিজের নেটওয়ার্কের ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে। এলাকায় এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
























