কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার বিষয়ে জানতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশও ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন।

























