ফুটবলের উন্নয়ন, বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে উপস্থিতি—ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যস্ততার কোনো কমতি নেই। তবে সাম্প্রতিক সময়ে তার আকাশপথের ব্যস্ততা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাত্র ১১৫ দিনে তিনি ৩২টি দেশ সফর করেছেন এবং ব্যক্তিগত বিমানে চড়েছেন অন্তত ৩৯ বার। এত ঘন ঘন দেশ ভ্রমণের নেপথ্যে কি শুধুই ফুটবলের উন্নয়ন, নাকি সামনে থাকা ফিফা সভাপতি নির্বাচনের প্রস্তুতিও রয়েছে?
বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ এসব তথ্য। গত ২৮ জুলাই বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পর থেকে ১১৫ দিনে ইনফান্তিনোর সফরের হিসাব করেছে সংবাদমাধ্যমটি। তাদের বিশ্লেষণ অনুযায়ী, এ সময়ে আকাশপথে প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল পাড়ি দিয়েছেন ফিফা সভাপতি। উড়োজাহাজে তার কাটানো সময় ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট, যার অর্থ প্রায় নয় দিন কেটেছে তার আকাশে।
সবচেয়ে আলোচনার বিষয় হলো, ২০২৫ সালের একই সময়ে ইনফান্তিনো সফর করেছিলেন ১৮টি দেশ। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২-এ। আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার লড়াই রয়েছে। ফলে তার এই ব্যস্ত সফরসূচি নির্বাচনী প্রচারণার অংশ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।
বিবিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনোর পোস্ট, ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং কাতার এক্সিকিউটিভের বিমানের নিবন্ধন নম্বর বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করেছে। কাতার এয়ারওয়েজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাতার এক্সিকিউটিভ পরিচালিত ব্যক্তিগত বিমান ব্যবহার করেন ফিফা সভাপতি। উল্লেখযোগ্য বিষয় হলো, কাতার এয়ারওয়েজ ফিফার অন্যতম পৃষ্ঠপোষক।
ফিফার গভর্ন্যান্স কমিটির সাবেক প্রধান মিগেল মাদুরো মনে করেন, ইনফান্তিনোর সফরগুলোকে নিছক দাপ্তরিক কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এসব সফর নির্বাচনী প্রচারণারই অংশ। বিবিসি স্পোর্টকে তিনি বলেন, ‘সমস্যা হলো, ফিফায় নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে কোনো নিয়ম নেই। সভাপতি সরকারি কাজের কথা বলে সফরে যেতে পারেন, অথচ পরোক্ষভাবে সেটি তার নির্বাচনী প্রচারণায় কাজে লাগতে পারে। তবে তার বিপক্ষে যারা নির্বাচন করবেন, তাদের পক্ষে এটা নির্বাচনী প্রচারণা হিসেবে প্রমাণ করা কঠিন।’
ইনফান্তিনোর সাম্প্রতিক সফরের পেছনে নির্বাচনী সমীকরণের আলোচনা আরও জোরালো হয়েছে তার একটি বিতর্কিত পরিকল্পনা ঘিরে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের উদ্যোগে বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। পরে অবশ্য সেই পরিকল্পনা বাতিল হয়।
এর আগে ফিফার ২১১ সদস্যদেশের ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে প্রস্তাবটি সমর্থনের আহ্বান জানিয়েছিলেন ইনফান্তিনো। সমর্থন পেলে প্রতিটি ফেডারেশন ৪ কোটি ডলার করে পাবে বলেও জানিয়েছিলেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। এমন বড় অঙ্কের আর্থিক প্রতিশ্রুতির পর সদস্যদেশগুলোর সঙ্গে তার যোগাযোগ ও সফরগুলো নতুন করে আলোচনায় এসেছে।
























