রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো পরিকল্পিত নাশকতার অংশ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিসি মো. আকতার হোসেন বলেন, পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে তদন্ত করছে এবং ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির অপারেশনাল কার্যক্রম ও পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল পেট্রোলিং ও পিকেট ডিউটি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, নাশকতাকারীরা দাহ্য পদার্থ সংগ্রহ করছে কি না তা মনিটর করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করতে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে।

























