স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন এই দায়িত্বভার গ্রহণ করেন। গত ৩ নভেম্বর সরকার তাকে এই পদে নিয়োগ দেয়।
ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং র্যাব ফোর্সেসের অতিরিক্ত মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনমানুষের কল্যাণে পেশাদারত্ব ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। এসআরবিকে আইনের শাসন প্রতিষ্ঠার রোল মডেল হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।






















