‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন সিরিজ ‘অ্যানি’ সুইজারল্যান্ডের ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা সিরিজ’-এর স্বীকৃতি পেয়েছে। উৎসবের সমাপনী দিনে সিরিজটিকে ‘ফিউচার ইজ সেনসিবল’ পুরস্কারে ভূষিত করা হয়।
সিরিজটির নাম চরিত্রের অভিনেত্রী নাজিফা তুষি এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগটি মানবিক মূল্যবোধ ও ভবিষ্যতের পৃথিবী নিয়ে ভাবনার জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি বিভাগে স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশেষ অনুভূতির। অ্যানি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে অন্যরকম, যা আমাকে অভিনেতা হিসেবে নতুন করে ভাবতে শিখিয়েছে।
‘অ্যানি’ সিরিজে তুষির সঙ্গে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠু। সিরিজটি আইস্ক্রিন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনো তারিখ ঘোষণা করা হয়নি। এর আগে সিরিজটি জার্মানির ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এও প্রশংসিত হয়েছিল।
























