সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৪ জন।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন, যার মাধ্যমে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ২৯৪ জনে।
অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ২ হাজার ৩৯৪ জন।

























