রাজশাহী নগরীতে ড্রেনের পানিতে ডুবে মো. জিহাদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ বড়বনগ্রাম বাগানপাড়া এলাকার সুমন আলীর ছেলে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, দুপুরে ড্রেনের পানিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু জিহাদ। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

























