প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থতার কারণে তাঁর পূর্বনির্ধারিত কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সফর সূচি বাতিল করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে মন্ত্রী নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে পৌঁছানোর পর হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন। পরে তাঁকে দ্রুত সিলেট নগরীর আখালিয়াস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেটের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী মন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মন্ত্রীকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হয়েছে এবং আশঙ্কাজনক কিছু নেই।

























