বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখা এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের সার্বিক স্বার্থ রক্ষায় সাংবাদিক মুনীর চৌধুরীর সাহসী ভূমিকার উচ্চ প্রশংসা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের বাকলিয়ার সিলভার প্যালেসে সাংবাদিক মুনীর চৌধুরীকে দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশংসা করেন। বিপিসি রক্ষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়াং স্টার ক্লাব’ এই নাগরিক সংবর্ধনার আয়োজন করে। একই অনুষ্ঠানে সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেকও সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের স্বার্থ রক্ষা এবং বিপিসির সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখার দাবিতে সাংবাদিক মুনীর চৌধুরী যে জোরালো ভূমিকা পালন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। জনস্বার্থে তাঁর এমন সাহসী উদ্যোগ আগামী দিনেও মানুষকে অনুপ্রাণিত করবে। বিপিসি আন্দোলনে তাঁর এই ঐতিহাসিক অবদান চট্টগ্রামবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
ইয়াং স্টার ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের সাবেক সভাপতি এস এম মফিজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ নুরুল আকতার, বাকলিয়া থানা যুবদলের সদস্যসচিব আলহাজ মোহাম্মদ মুছা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সহসাধারণ সম্পাদিকা কামরুন নাহার এবং আনোয়ারা ডায়াবেটিক সমিতির সভাপতি আবু মুচা।
এছাড়াও অনুষ্ঠানে ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হেলাল, অর্থ সম্পাদক ইরফানুল আলম হিমেল ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাংবাদিক মুনীর চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বিপিসির সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখার দাবিতে নাগরিক উদ্যোগ, আন্দোলন গড়ে তোলা এবং জনমত গঠনে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, বিপিসির সদর দপ্তর চট্টগ্রামে বহাল রাখা এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে সাংবাদিক মুনীর চৌধুরী নাগরিক উদ্যোগ ও আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন। তাঁরই উদ্যোগে সচেতন চট্টলাবাসীর ব্যানারে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছিল।























