রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার পরপরই পালানোর সময় মো. মাজহারুল (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খিলগাঁও থানার বরাত দিয়ে জানান, সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে তালতলা মার্কেটের ২ নম্বর গেট-সংলগ্ন রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয়দের সহায়তায় পুলিশ মাজহারুলকে আটক করে এবং ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে। উপ-পুলিশ কমিশনার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

























