কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত আরও এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

























