বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতেই পারেন, তবে তার ফেরা নিয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়া শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “উনি তো এ দেশেই ছিলেন। দেশ ছেড়ে গেলেন কেন—এই প্রশ্নটি তাকেই করা উচিত। জনগণের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল। তিনি যদি ফিরতেই চান, তবে দেরি কেন? তাড়াতাড়ি চলে আসাই ভালো।” তিনি আরও যোগ করেন, দেশের নাগরিক হিসেবে তার আইনগত যে প্রাপ্তি বাকি আছে, তা তাকে ভোগ করতে হবে।
বন্ধ কলকারখানা চালু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, সরকার ৬০-৭০ বছরের পুরনো অলাভজনক শিল্প কারখানাগুলোর তালিকা তৈরি করেছে। আগামী বছরের শুরু থেকে এসব কারখানায় ব্যক্তিখাতে বিনিয়োগের জন্য টেন্ডার আহ্বান করা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
























