ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারী বর্ষণের ফলে একটি অবৈধ স্বর্ণের খনি প্লাবিত হয়ে অন্তত ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা। স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত খনির ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার টানা বৃষ্টির ফলে পার্শ্ববর্তী নদীর পানি উপচে খনিতে প্রবেশ করলে শ্রমিকরা আটকা পড়েন।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খনির প্রায় ১০০ মিটার গভীর এবং সরু গর্তে উদ্ধারকাজ পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। পর্যাপ্ত আলোর অভাব এবং পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ মাটির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দেশিয়ানা কার্তিকা বাহারি বলেন, ‘মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, পানি প্রবেশের সময় ১১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। মঙ্গলবার কর্তৃপক্ষ খনিতে শ্রমিক আটকা পড়ার বিষয়টি জানতে পারে। খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। বিশেষ করে অবৈধ খনিগুলোতে নিরাপত্তাব্যবস্থার চরম ঘাটতি ও নিয়ম না মানার কারণে প্রাণহানির ঝুঁকি সবসময়ই বেশি থাকে।
























