সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের কোনো নাগরিক যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই সরকার ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) পয়েন্ট বাড়িয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ ট্রাকসেলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। মানিকগঞ্জের সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো যাতে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সংগ্রহ করতে পারে, সেজন্য জেলায় নতুন করে পাঁচটি ওএমএস বিক্রয়কেন্দ্র বাড়ানো হয়েছে।
আসন্ন রমজান মাসে খাদ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রমজান উপলক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করছে এবং শিগগিরই তা বিস্তারিত জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















