গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের মধ্যে একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার গুদামে এই আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বাধার মুখে পড়ে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাহারায় মহাসড়কের বিপরীত দিক (উল্টো পথ) দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি দুটি ঘটনাস্থলে পৌঁছায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম জানান, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। তবে শ্রমিক বিক্ষোভের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় গাড়ি দুটি আটকে যায়। পরবর্তীতে বিজিবির সহযোগিতায় উল্টো পথ দিয়ে গাড়িগুলো ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।























