মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হামলার হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান যদি ‘প্রকৃত চুক্তি’ পুরোপুরি মেনে না চলে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশেপাশে অবস্থান করবে। ট্রাম্প আরও জানিয়েছেন, চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটলে এমন ভয়াবহ হামলা চালানো হবে যা আগে কখনো দেখা যায়নি।
নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘যতক্ষণ না স্বাক্ষরিত প্রকৃত চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক কর্মী ইরানের ভেতরে ও তার আশপাশে অবস্থান করবে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘যদি কোনো কারণে তা না হয়… তাহলে গোলাগুলি শুরু হবে, আর তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ ও শক্তিশালী।’
ট্রাম্প পুনরায় উল্লেখ করেছেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে—এ বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছেছে। তিনি আরও জানান, ‘এরই মধ্যে আমাদের মহান সামরিক বাহিনী প্রস্তুতি ও বিশ্রাম নিচ্ছে এবং প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করছে।’ একটি ঘোষণার মাধ্যমে তিনি তার পোস্ট শেষ করেন: ‘আমেরিকা ফিরে এসেছে!’
রিপোর্টারের নাম 



















