ময়মনসিংহে শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চুরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের প্রথম দিনেই টিকাদান কেন্দ্রগুলোতে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হামের প্রকোপ এবং শিশু মৃত্যুর খবরে অভিভাবকদের মধ্যে উদ্বেগ কাজ করছিল। মাইকিং ও প্রচারণার মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত সন্তানদের নিয়ে কেন্দ্রে হাজির হন। টিকা দেওয়ার পর অনেক অভিভাবকই স্বস্তি প্রকাশ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলার প্রায় ১ লাখ ৬৪ হাজার ৫০০ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা পর্যায়ক্রমে এই টিকা পাবে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৬৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং এ পর্যন্ত ৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 

























