কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একুশে পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গুরুতর আহতদের দ্রুত ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনায় কালবেলা পত্রিকার চিফ রিপোর্টার ইউসুফ আরেফিনও আহত হয়েছেন। তিনি বর্তমানে ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চান্দিনা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বাসটি এখনো রাস্তার উপরে রয়েছে এবং রেকারের সাহায্যে এটি সরানো হবে। প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, উল্টো পথে কিছু গাড়ি ঢোকার কারণে সাময়িক যানজট সৃষ্টি হলেও তা দ্রুত নিরসন করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন বলেন, ‘একুশে পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।’
হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম জানিয়েছেন, বাসটি সরানোর প্রক্রিয়া চলছে এবং কিছুক্ষণের মধ্যেই এটি সরানো হবে। মহাসড়কে বর্তমানে কোনো যানজট নেই।
রিপোর্টারের নাম 

























