সৌদি আরবের আল খারিজ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। গত বুধবার সকালে নিহতের বাবা শহীদ সওদাগর এই খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, ওই হামলার সময় মামুনের কক্ষে থাকা আরও দুই বাংলাদেশি ও এক ভারতীয় ঘটনাস্থলেই মারা যান।
মামুনের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, তাঁর ভাই ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং রাতেই তিনি মারা যান। আব্দুল্লাহ আল মামুন এক ছেলে সন্তানের জনক ছিলেন। তাঁর এই মৃত্যুতে তাঁর পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























