গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সেলুনের কাজে ব্যবহারের জন্য পানি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মাদব চন্দ্র বর্মণ (৩০) নামের এক যুবক। মঙ্গলবার সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও নামা বাজার সংলগ্ন জলমহাল ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাদব দীর্ঘ সাত-আট বছর ধরে স্থানীয় একটি সেলুনে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রতন চন্দ্র বর্মণ ও বিউটি রানী বর্মণ দম্পতির বড় ছেলে মাদব। তার পাঁচ বছর বয়সী যমজ দুই মেয়ে সন্তান রয়েছে। পুরো পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল মাদবের সেলুনের কাজ। তার এমন নিখোঁজ হওয়ার সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে নদীতে গোসল করতে গিয়ে তিনি মাঝনদীতে কোনো একটি বস্তু ভাসতে ও ডুবতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘাটে মাদবের ব্যবহৃত জুতা, বালতি, ঝাড়ু ও পরিহিত শার্ট পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জাল ফেলে উদ্ধারের চেষ্টা চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মাহফুজুর রহমান জানান, স্থানীয়রা চেষ্টা করেও নিখোঁজ যুবকের সন্ধান পায়নি। খবর দেওয়া হয়েছে ডুবুরি দলকে। তারা এসে পৌঁছালে পুরোদমে উদ্ধার অভিযান শুরু হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি।
রিপোর্টারের নাম 
























