বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছর বয়সী শিশু রাইসা আক্তারকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় এই হত্যা মামলাটি করেন। মামলায় স্থানীয় কিশোর গ্যাং সদস্য সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে আপত্তিকর প্রস্তাব দেয় সিফাত সিকদার। এতে অস্বীকৃতি জানালে সিফাত ক্ষিপ্ত হয়ে রাইসার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাইসার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই রাইসার মৃত্যু হয়। এই নৃশংস ঘটনার পর থেকে প্রধান আসামি সিফাত সিকদার পলাতক রয়েছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল হক জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























