সুন্দরবনে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে দুর্ধর্ষ দস্যু ‘নানা ভাই’ বাহিনীর হাতে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে দস্যুদের অপহরণের শিকার হন এই জেলেরা। মুক্তিপণের দাবিতে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছিল। ভুক্তভোগী এক পরিবারের পক্ষ থেকে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে বিষয়টি জানানো হলে কোস্ট গার্ড সক্রিয় হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিদের রেখে বনের গহীনে পালিয়ে যায়।
উদ্ধারকৃত জেলেরা খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
রিপোর্টারের নাম 
























