সারাদেশে জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনার পর কঠোর অবস্থানে নেমেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় উত্তরা ও গুলশানসহ বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকায় এই তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযান চলাকালীন উত্তরা পশ্চিমাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও শপিং মলে অতিরিক্ত আলোকসজ্জা শনাক্ত করে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। ডেসকোর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সতর্ক করা হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না মানলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানা করা হবে। এছাড়া বিপণিবিতানগুলোতে এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।
একইভাবে গুলশান-১ ও ২ সহ আশপাশের বিভিন্ন শপিং মল ও বাণিজ্যিক ভবনেও ডেসকোর অভিযান পরিচালিত হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ অপচয় রোধে তাদের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধিতে বিতরণ করা হয়েছে লিফলেটও।
রিপোর্টারের নাম 

























