তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং কথিত ব্ল্যাকলিস্টিং বন্ধের দাবিতে সাভারের আশুলিয়ায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানার বাইরে এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
রোববার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। তবে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, ইউনিক, জামগড়া ও নরসিংহপুর এলাকার সিংহভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চললেও নির্দিষ্ট তিনটি কারখানার শ্রমিকরা ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানানো হয় এবং তাদের দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনার আশ্বাস দেওয়া হয়।
এদিকে বেলা পৌনে ১১টার দিকে শারমিন গ্রুপের সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন পোশাক শ্রমিকরা। তারা অবিলম্বে মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিলেও বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় সড়কে নেমে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

























