ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ মোট দুই বাংলাদেশিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত রবিবার (৭-৮ মার্চ মধ্যবর্তী রাতে) ভারতের বনগাঁও সীমান্ত এলাকা থেকে বিশেষ শাখার সদস্যরা তাদের আটক করে। এই গ্রেপ্তার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংঘটনের পর ভারতে পালিয়ে এসেছিল। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিল এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪) রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে বনগাঁওয়ে জড়ো হয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালত তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদীর মৃত্যু হয়, যা দেশজুড়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছিল। এই গ্রেপ্তারকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি বড় সাফল্য হিসেবে দেখছে।
রিপোর্টারের নাম 
























