পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রোববার দুপুরে জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহা পাড়ায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার ছিল—সরকার গঠন করলে পাঁচ বছরে বিশ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাহারোলের বলরামপুর সাহা পাড়ায় ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচি আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এরই মাধ্যমে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দিনাজপুরের এই খালকে প্রথম উদ্বোধনের জন্য বেছে নিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে গণজাগরণ তৈরি করতে চায় সরকার। খাল খননের পর সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।
রিপোর্টারের নাম 
























