মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় সরকার দেশজুড়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি তেলের অব্যবস্থাপনা, মজুত এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের পাশাপাশি ভাঙচুর ও মারামারির ঘটনাও ঘটেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় জেলা প্রশাসকদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুত করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ইতোমধ্যেই প্রতিটি যানবাহনে জ্বালানি তেলের বিক্রির পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে। তা সত্ত্বেও, কিছু পাম্পে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি, অতিরিক্ত মুনাফার জন্য তেল মজুত রাখা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং সম্ভাব্য পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এই নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























