ফরিদপুরের ভাঙ্গায় বার্ষিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না আসায় এবং এ নিয়ে পরিবারের সদস্যদের বকুনি সইতে না পেরে অপরূপা মণ্ডল (১৫) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অপরূপা মণ্ডল উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাবলু মণ্ডলের মেয়ে। সে স্থানীয় আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত বার্ষিক পরীক্ষার ফলাফলে অপরূপা কয়েকটি বিষয়ে অকৃতকার্য হয়। এতে সে দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে না পারায় গত কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। বুধবার বেলা ১১টার দিকে পড়াশোনা ও পরীক্ষার ফলাফল নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার পুনরায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগে ও অভিমানে ঘরে থাকা ফসলে ব্যবহৃত কীটনাশক পান করে সে।
বিষক্রিয়ায় অপরূপা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষায় খারাপ ফলাফল করায় বকাঝকা করায় মেয়েটি বিষপান করে। হাসপাতালে নেওয়ার পর বিকেলে তার মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
রিপোর্টারের নাম 






















