পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আকাশ আলী ওরফে আরিয়ান রিমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) গভীর রাতে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় রিমনের আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
নিহত রিমন উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং স্থানীয় গোপালপুর বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে রিমনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে ভাদুর বটতলা এলাকার আরআরপি তেল পাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি ভারী যানবাহন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়েন এবং ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় কোন যানবাহনটি ধাক্কা দিয়েছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক যানবাহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















