চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে স্বামী, শাশুড়ি ও ননদকে আসামি করে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর আব্দুল মান্নানের সঙ্গে সাদিয়া নাসিমের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনের শুরুর দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছু দিন পর থেকেই সাদিয়ার ওপর যৌতুকের দাবিতে চাপ সৃষ্টি করা হয়। প্রবাসে ব্যবসা করার অজুহাতে সাদিয়ার পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন তার শ্বশুরবাড়ির লোকজন।
ভুক্তভোগী সাদিয়া নাসিম অভিযোগ করেন, গত ২ এপ্রিল সকালে স্বামী আব্দুল মান্নানের নির্দেশে তার শাশুড়ি সায়রা খাতুন ও ননদ নুর নাহার বেগম পুনরায় ওই টাকা দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তারা সাদিয়াকে বেধড়ক মারধর করে একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেন। খবর পেয়ে সাদিয়ার মা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ওই সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে স্বামী আব্দুল মান্নান যৌতুক দাবির বিষয়টি স্বীকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হন।
আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন। মামলায় যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্বামী আব্দুল মান্নান, শাশুড়ি সায়রা খাতুন ও ননদ নুর নাহার বেগমকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে মামলা করার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাদিয়া নাসিম। তিনি অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। বর্তমানে তিনি ন্যায়বিচারের আশায় আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
রিপোর্টারের নাম 






















