চট্টগ্রামের মিরসরাইয়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, এদিন মিরসরাই উপজেলার মিঠানালা বাজার, সদর ইউনিয়ন এবং মিরসরাই পৌর বাজারে তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। মূলত দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা ও অর্থদণ্ড কার্যকর করা হয়। তবে অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করে, সে লক্ষ্যে এই সতর্কতামূলক অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের পরিমিত মুনাফা অর্জন এবং দোকানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন।
বাজার মনিটরিংকালে পুলিশ বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















