চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গবাদি পশুর খামারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন সংলগ্ন ‘আল বারাকা এগ্রো’ খামারে এই ঘটনা ঘটে। ১২-১৩ জনের একটি মুখোশধারী দুর্বৃত্ত দল সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে খামারের প্রহরীকে জিম্মি করে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খামার কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত খামারে প্রবেশ করে প্রথমেই সিসিটিভি সিস্টেম অকেজো করে দেয়। এরপর খামারের কর্মচারী নুরুল আফছারকে চোখ বেঁধে আটকে রাখে তারা। লুটপাটের একপর্যায়ে খামারের প্রহরীসহ ৪০টি ছাগল একটি পিকআপ ভ্যানে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে রেললাইন পার হয়ে প্রহরীকে নামিয়ে দিয়ে ছাগলগুলো নিয়ে তারা দ্রুত চম্পট দেয়। ছাগল ছাড়াও খামার থেকে সিসিটিভি যন্ত্রাংশ ও পশুখাদ্যের বস্তা লুট করা হয়েছে।
খামারের মালিক ও সাবেক ছাত্রনেতা আবু হেনা কায়সার জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য প্রতিটি ১২-১৩ হাজার টাকা মূল্যের ৪০টি ছাগল প্রস্তুত করা হয়েছিল। এই লুটের ঘটনায় তার প্রায় ৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, একই রাতে তার ডোমখালী এলাকার একটি মাছের প্রজেক্টেও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। দুটি ঘটনা একই চক্র ঘটিয়েছে বলে তার ধারণা।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিজামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী মালিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















