দীর্ঘ প্রায় ৩৫ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে মন্ত্রীত্বের স্বাদ পেতে চলেছে বগুড়াবাসী। নবগঠিত সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজ (মঙ্গলবার) শপথ নিতে যাচ্ছেন বগুড়া-০২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম। এর আগে আজ সকালেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
নির্ভরযোগ্য সূত্রমতে, আজ বিকেলে বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন মীর শাহে আলম। বিএনপি মনোনীত এই প্রার্থী বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং তার নির্বাচনী এলাকা শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও আক্ষেপের অবসান ঘটিয়ে এই প্রথম ৩৫ বছর পর কোনো মন্ত্রী পেতে যাচ্ছেন তারা। এর আগে ১৯৯১ সালের নির্বাচনে বগুড়া সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর থেকে বগুড়া জেলা থেকে আর কেউ মন্ত্রিত্ব পাননি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ ও হতাশা ছিল।
মীর শাহে আলমের প্রতিমন্ত্রী হওয়াকে বগুড়ার জন্য এক নতুন দিগন্তের উন্মোচন হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এ প্রসঙ্গে বলেন, “দীর্ঘদিনের আক্ষেপ থেকে বগুড়াবাসী মুক্তি পেলো। এটি বগুড়ার উন্নয়নে নতুন গতি আনবে বলে আমরা আশাবাদী।”
রিপোর্টারের নাম 





















