নবগঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সিলেটের দুই পরিচিত মুখ – খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তারা। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের শপথগ্রহণের জন্য ফোন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ বিকেলে অন্যান্য নতুন মন্ত্রীদের সঙ্গে তাদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সিলেট-১ (মহানগর-সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।
চলতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই দুই নেতা। তাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে সিলেটজুড়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খন্দকার আব্দুল মুক্তাদির দেশবাসী ও সিলেটবাসীর দোয়া চেয়েছেন। তিনি বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি যেন কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে পারি। এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, যা আমার জন্য বিশাল এক সুযোগ।”
অপরদিকে, আরিফুল হক চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি সবাইকে নিয়ে চলতে চাই। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, আমি কাজের মাধ্যমে এর প্রতিদান দিতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোট বেশি পেয়েছিলেন। তিনি মোট ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছিলেন ৭১ হাজার ৩৯১ ভোট।
একইভাবে, সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছিলেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। মুক্তাদির তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪১ হাজার ৯৫৩ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।
রিপোর্টারের নাম 





















