পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর হামলার প্রতিবাদে উত্তাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধনে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা তালুকদার বলেন, “যারা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন মহিউদ্দিন মল্লিক নাসির এবং তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। ধারালো অস্ত্রের আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনতা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 




















