নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে মন্ত্রিপরিষদ বিভাগ সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো শুরু করেছে। এবারের মন্ত্রিসভায় বড় চমক হিসেবে বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্তির খবর পাওয়া গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন। তালিকায় আরও রয়েছেন চট্টগ্রামের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফেনীর আব্দুল আউয়াল মিন্টু এবং কুমিল্লার কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এছাড়া চাঁদপুরের আ ন ম এহসানুল হক মিলন ও কিশোরগঞ্জের মো. শরীফুল আলমকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সিলেট থেকে আরিফুল হক চৌধুরী এবং লক্ষ্মীপুরের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সরকারের এই নতুন যাত্রায় অংশ নিতে ডাক পেয়েছেন। যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫) এবং মীর শাহে আলমও (বগুড়া-২) রয়েছেন এই তালিকায়। তরুণ রাজনীতিবিদদের মধ্যে পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নুর ও ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে।
তালিকায় আরও জায়গা করে নিয়েছেন বরিশালের জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়ের ফরহাদ হোসেন আজাদ, জামালপুরের রশিদুজ্জামান মিল্লাত এবং রাজশাহীর মিজানুর রহমান মিনু। মাগুরা থেকে নিতাই রায় চৌধুরী এবং কুমিল্লার জাকারিয়া তাহের সুমনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের আমন্ত্রণে সাড়া দিয়ে এসব নেতারা আজ বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মেরুকরণ তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 

























