দাসুন শানাকা ও পাবান রত্নায়েকের ঝড়ে পাল্লেকেলেতে উড়ে গেছে ওমান। টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ওমানকে তারা হারিয়েছে ১০৫ রানের বিশাল ব্যবধানে!
লঙ্কানদের রান পাহাড়ে চাপা পড়া ওমান ৯ উইকেটে থামে ১২০ রানে। ব্যাট হাতে লড়াই করেছেন মোহাম্মদ নাদিম। ৫৬ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ছিল ৩টি চার ও ১টি ছয়। বল হাতে লঙ্কানদের হয়ে ১১ রানে দুটি উইকেট নেন মাহিশ থিকশানা। ১৯ রানে দুটি নেন দুশমন্থ চামিরাও।
লঙ্কানদের রান বন্যার ম্যাচে ইতিহাস গড়েছেন অধিনায়ক শানাকা। টি-টোয়েন্টিতে লঙ্কানদের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির নজির গড়েছেন তিনি। তাণ্ডব চালিয়েছেন পাবান রত্নায়েকেও। কামিন্দুর শেষ দিকের ঝড়ে ভর করে স্বাগতিকরা ৫ উইকেটে পায় ২২৫ রানের বিশাল সংগ্রহ। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে আহমেদাবাদে কানাডার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার করা ৪ উইকেটে ২১৩ রান ছিল সর্বোচ্চ।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় শানাকা চাপে ছিলেন। যদিও অবশেষে জবাব দিয়েছেন নিন্দুকদের। দুটি চার ও পাঁচটি ছক্কায় মাত্র ১৯ বলে পূরণ ফিফটি।
টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের ভিত গড়ে দেন পাবান রত্নায়েকে ও কুশল মেন্ডিস। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি এবং তৃতীয় উইকেটে গড়েন ৯৪ রানের জুটি। কুশল ৪৫ বলে ৭ চারে খেলেছেন ৬১ রানের ইনিংস। ঝড়ো ব্যাটিংটা করেন পাবান। ২৮ বলে ৮টি চার ও ১ ছক্কায় করেছেন ৬০ রান। তাণ্ডব চালানো আরেক ব্যাটার শানাকা শেষ পর্যন্ত ২০ বলে ৫০ রানে ফিরেছেন। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ক্যামিও ইনিংসে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রাখেন। ৭ বলে এক চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ১৯ রানে।
রিপোর্টারের নাম 























