ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে থাকতে সর্বোচ্চ চেষ্টাই করছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের কাছাকাছি পৌঁছে গেছে তারা। একই দিনে সান্ডারল্যান্ডের মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়ে কোচ আর্নে স্লটের ওপর চাপও কিছুটা কমিয়েছে লিভারপুল।
প্রথমার্ধের মাত্র ১৫ মিনিটে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেয় পেপ গার্দিওলার দল। ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান কমে দাঁড়িয়েছে তিন পয়েন্টে।
গত মাসে বোর্নমাউথ থেকে যোগ দেওয়া আতোয়ান সেমেনিয়ো সিটির হয়ে নিজের পঞ্চম গোল করেন। পরে অ্যাসিস্টে নিকো ও’রেইলিকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করান তিনি। তৃতীয় গোলটি করেন আর্লিং হাল্যান্ড। প্রায় দুই মাস পর ওপেন প্লে থেকে প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলটি করেন তিনি।
অন্যদিকে, লিগে ষষ্ঠ স্থানেই রয়েছে লিভারপুল। তবে স্টেডিয়াম অব লাইটে দারুণ এক জয় তুলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাকে জোরালো করেছে তারা। সান্ডারল্যান্ডকে হারিয়েছে ১-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে মোহাম্মদ সালাহর নেওয়া কর্নার থেকে ভারজিল ফন ডাইকের হেডই গড়ে দেয় পার্থক্য।
রিপোর্টারের নাম 























